সোমবার, ৮ জুন ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে অপহরণের দুই ঘণ্টার মধ্যে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী উদ্ধার, আটক ৪

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় জঙ্গল থেকে অপহরণের শিকার এক কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলীকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার অপহরণকারীকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ভুক্তভোগী প্রকৌশলী মো. মনিরুল হক রবিবার (৭ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে চান্দগাঁও এলাকার মধ্যম মোহরার সাফা মোতালেব কলেজ রোডস্থ নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র‌্যাবের কাছে তাকে উদ্ধারের আবেদন জানান।

একপর্যায়ে ভুক্তভোগীর পরিবারের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, মনিরুল হক তাদের হেফাজতে রয়েছেন। তাকে জীবিত ও সুস্থ অবস্থায় ফেরত পেতে হলে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলেও দাবি করে অপহরণকারীরা।

অভিযোগ পাওয়ার পর র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে বন্দর থানার রেলওয়ে একাডেমির সিএইসডি গুদামের সামনে ডেবারপাড় এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে অপহৃত মনিরুল হককে উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়। তারা হলেন— মো. রোহান (২০), মো. সায়েম (২৩), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. জিয়াউর রহমান। আটক ব্যক্তিদের বাড়ি চট্টগ্রামের হালিশহর থানার মইন্ন্যাপাড়া ও সন্দুরাপাড়া এলাকায়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া প্রকৌশলী বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত