বুধবার, ১০ জুন ২০২৬
Single Top Banner

রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৫; ইয়াবা,চোলাইমদ উদ্ধার

আলম

রাঙামাটি সদর ও পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ও চোলাইমদসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং পলাতক এজাহারনামীয় আসামি রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি সদর থানার আওতাধীন এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহরের পুরাতন হাসপাতাল এলাকা থেকে মো. হুমায়ুন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের তথ্যানুযায়ী, হুমায়ুন কবিরের বিরুদ্ধে পূর্বে ৪টি চুরি, ১টি ছিনতাই এবং ৪টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

এদিকে রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে পরিচালিত পৃথক অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে মানিকছড়ি বিসিক শিল্পনগরী এলাকা থেকে চিকন চান চাকমা (৫১) নামে এক ব্যক্তিকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া তবলছড়ি নিচের বাজার এলাকা থেকে প্রতারণা মামলায় (দণ্ডবিধির ৪২০ ধারা) সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাহাব উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে পুরাতন হাসপাতাল এলাকার শুভ দত্ত (২৮) এবং মহসিন কলোনী এলাকার মো. হৃদয় (২৭) নামে দুই পলাতক এজাহারনামীয় আসামিকেও আটক করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত