বুধবার, ১৭ জুন ২০২৬
Single Top Banner

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির

ডেস্ক রিপোর্ট :

২০২৬ ফুটবল বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব গড়লেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে একাই তিন গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।

এই ম্যাচে হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্লোসার সমান হয়ে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোলের দেখা পান মেসি। রদ্রিগো দে পলের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে আলজেরিয়ার জালে বল পাঠান তিনি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৬০তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট আলজেরিয়ার গোলরক্ষক ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে ফিরতি বলে সুযোগ লুফে নেন মেসি। কাছ থেকে সহজ ফিনিশে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

এরপর ৭৬তম মিনিটে পূর্ণতা পায় তার স্বপ্নের রাত। দ্রুতগতির এক আক্রমণ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশে হ্যাটট্রিক সম্পন্ন করেন এলএমটেন। এটিই বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির প্রথম হ্যাটট্রিক।
একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের রেকর্ডও নিজের নামে লিখিয়ে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে নতুন অধ্যায় যোগ করলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত