রবিবার, ১২ জুলাই ২০২৬
Single Top Banner

চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা ও সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে ক্ষয়ক্ষতি চিহ্নিতকরণ এবং করণীয় সুপারিশে চারটি সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট সকল সেবা সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে, যাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে সমস্যাগুলো দ্রুত চিহ্নিত ও সমাধান করা যায়।

শনিবার দুপুরে দামপাড়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন রেস্ট হাউসে সিটি মেয়রের সাথে চট্টগ্রামের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান এবং সাঈদ আল নোমানের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চট্টগ্রাম মহানগরীতে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত সড়ক, ড্রেনেজ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের নাগরিক সমস্যাগুলো কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সমন্বিত উদ্যোগই এ সমস্যার স্থায়ী সমাধানের একমাত্র পথ। সে লক্ষ্যেই মহানগরীর চারটি সংসদীয় আসনে আসনভিত্তিক কমিটি গঠন করা হবে। প্রতিটি কমিটিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসাসহ সংশ্লিষ্ট সকল সেবা সংস্থার প্রতিনিধিরা থাকবেন।
তিনি আরও বলেন, কমিটিগুলো সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর পরিমাণ, জলাবদ্ধতাপ্রবণ এলাকা, খাল-নালা, ড্রেনেজ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্থ অবকাঠামো সংস্কারে করণীয় সরেজমিনে চিহ্নিত করবে। এরপর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। এতে জনগণের দুর্ভোগ কমবে এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন আরও গতিশীল হবে।
সভায় উপস্থিত সংসদ সদস্যরাও নাগরিক সমস্যার দ্রুত সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং আসনভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্তকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সভায় সিদ্ধান্ত হয় মহানগরীর চারটি সংসদীয় আসন—চট্টগ্রাম-৮ (বায়েজিদ–চান্দগাঁও), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী–বাকলিয়া–ডবলমুরিংয়ের অংশ), চট্টগ্রাম-১০ (হালিশহর–পাহাড়তলী–খুলশী) এবং চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা–ইপিজেড)—এই চারটি আসনকে কেন্দ্র করেই পৃথক সমন্বয় কমিটি গঠন করা হবে। কমিটিগুলো সংশ্লিষ্ট সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এরশাদ উল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ান, সাঈদ আল নোমান এর সঙ্গে সমন্বয় করে নিজ নিজ এলাকার সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর পরিমাণ নির্ধারণ করবে এবং, জলাবদ্ধতাপ্রবণ এলাকা, খাল-নালা, ড্রেনেজ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্থ অবকাঠামো সংস্কারে করণীয়ের সুপারিশ করবেন।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মোহাম্মদ জানে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় আন্তঃসংস্থা সমন্বয় জোরদার করে নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, চারটি আসনভিত্তিক কমিটি সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করবে। একই সঙ্গে সমস্যা সমাধানের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত