টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সব বিভাগের ক্লাস ও নির্ধারিত পরীক্ষাসমূহ একদিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ জুলাই (রোববার) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস এবং পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে না। সাম্প্রতিক টানা বর্ষণ, পাহাড়ি অঞ্চলে বিরূপ আবহাওয়া এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এবং জিএসটি (গুচ্ছ) ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগগুলো পরবর্তীতে পৃথকভাবে প্রকাশ করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
সাম্প্রতিক কয়েক দিনের টানা ভারী বর্ষণে রাঙামাটি জেলায় বন্যা, পাহাড়ধস এবং বিভিন্ন সড়কে যোগাযোগ বিঘ্নিত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানসহ জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। সেই প্রেক্ষাপটে রাবিপ্রবির এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষানুরাগীরা।


