রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Single Top Banner

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১০ হাজার প্রবাসী ফেরত

নিজস্ব প্রতিবেদক :

সৌদি আরবে আবাসিক, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১১ হাজার ৮১৯ জনকে।

শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবাসিক আইন ভঙ্গের অভিযোগে ৫ হাজার ৭৯৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩০৭ জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে ২ হাজার ৭১৯ জন রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাই শেষে প্রায় ২০ হাজার প্রবাসীকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। আরও প্রায় ৪ হাজার ব্যক্তির সৌদি আরব ছাড়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া আইন ভঙ্গের অভিযোগে ৩২ হাজারের বেশি প্রবাসী বর্তমানে আইনি প্রক্রিয়ার মুখোমুখি।

অভিযানের সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়েছে। তাদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করার সময় আটক হয়েছেন আরও ৩২ জন।

অবৈধ প্রবাসীদের যাতায়াত, আশ্রয় দেওয়া কিংবা কাজে সহায়তার অভিযোগে ১৯ জনকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় বা যেকোনো ধরনের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাড়িঘরও বাজেয়াপ্ত করা হতে পারে।

এ ধরনের অনিয়মের তথ্য পেলে দ্রুত পুলিশ বা সংশ্লিষ্ট হটলাইন নম্বরে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত