স্টাফ রিপোর্টার: মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও বিভাগীয় কমিশনার বাংলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
একটি ফলদ ও একটি বনজ গাছের চারা রোপণ করার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল আউয়াল সরকার উপস্থিত ছিলেন।


