স্টাফ রিপোর্টার: নির্বাচিত মেয়রের দায়িত্ব শেষে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কাউন্সিলরদের পরিবর্তে ‘সহায়ক পরিষদ’ গঠিত হয়নি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)। তাই জনদুর্ভোগ লাঘবে তিনজন কর্মকর্তাকে ৪১টি ওয়ার্ডের পরিচ্ছন্ন কার্যক্রম, ভৌত অবকাঠামো উন্নয়নসহ যাবতীয় কাজ তদারকি এবং জন্ম ও মৃত্যু সনদে সই করার দায়িত্ব দেওয়া হয়েছে।
চসিক সূত্রে জানা গেছে, ২৯-৪১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব চসিক সচিব আবু শাহেদ চৌধুরীকে, ১৫-২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্ব প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়াকে এবং ১-১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্ব প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলমকে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মো. সামসুদ্দোহা বলেন, চসিক প্রশাসককে সহযোগিতার জন্য সহায়ক পরিষদ এখনো গঠিত হয়নি। হতেও পারে।
কিন্তু জনদুর্ভোগ লাঘবে মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনা করে প্রশাসকের নির্দেশনায় তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চসিকের নির্বাচিত পঞ্চম পরিষদের মেয়াদ গত ৫ আগস্ট শেষ হয়েছে।
ওয়ার্ডগুলোতে নির্বাচিত কাউন্সিলর দায়িত্ব না নেওয়া পর্যন্ত ওয়ার্ডের পরিচ্ছন্ন কার্যক্রম, ভৌত অবকাঠামো উন্নয়নসহ যাবতীয় কাজ তদারকি এবং জন্ম ও মৃত্যু সনদে (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এবং সংশ্লিষ্ট বিধি অনুসারে) সই করার দায়িত্ব দেওয়া হয়েছে।


