বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

স্বপ্ন রঙিন দিনগুলো

শুকলাল দাশ:
ফেলে আসা পাঠশালার ওই বেলা
ঝোপের মাঝে লুকিয়ে রেখে বই
বন-বাদারে হরিৎ রঙের খেলা
স্বপ্ন রঙিন দিনগুলো ভাই কই?

খেলার সাথী বন্ধু ছিলো যারা
আজকে ওরা সবাই  নিরুদ্দেশে
আপন কাজে মত্ত মাতোয়ারা
খোঁজ করে না একবার কেউ এসে।

নদীর পাড়ে কিংবা গহীন বনে
হয় না যাওয়া, ঘরে বসে একা
কষ্ট পুষি একলা মনে মনে
হয় না আমার জোছনা পরি দেখা।

কোথায় যেন হারিয়ে গেল তারা
তাদের জন্য কান্না জমে থাকে
ছেলেবেলার দিনগুলো দেয় নাড়া
তাদের স্মৃতি বুকের বাঁকে বাঁকে।

আবেগ বিধুর একলা একা আমি
মনের ভেতর উতলে উঠে ঢেউ
আমি যেনো, আমার অর্ন্তযামী
আমার খবর কেউ রাখেনা কেউ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত