বিশেষ প্রতিনিধি: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৪৫ জন। ফলে এখন দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ২৮ জনে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৪৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৯ হাজার ৬২৮ জনে।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ঠিক তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


