বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

স্বাস্থ্যবিধি না মেনেই আগের ভাড়ায় চলছে গণপরিবহন

বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যবিধি না মেনেই আজ মঙ্গলবার থেকে আগের ভাড়ায় চলছে গণপরিবহন। গেল জুন মাস থেকে করোনার কারণে দুজনের সিটে একজন করে যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনা থাকায় ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছিল।

তবে আজ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী আগের ভাড়াই নিচ্ছেন বাস মালিকরা। তবে কোনও ধরনের স্বাস্থ্যবিধি মানে হচ্ছে না। যদিও কোথাও কোথাও বেশি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, যাত্রীদের কাছে মাস্ক থাকলেও অনেকেই তা মুখে দিচ্ছেন না। গলায় ঝুলিয়ে রেখেছেন। কারো হাতে হ্যান্ড স্যানিটাইজারও দেখা যায়নি।

উত্তরা হাউজ বিল্ডিং থেকে কারওয়ান বাজারের দিকে আসা বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাসের যাত্রী কামাল হোসেন বলেন, জুন মাস থেকে পঁচিশ টাকার জায়গায় চল্লিশ টাকা দিয়েছি আজ আগের মতোই ২৫ টাকা নিয়েছে।

এই বাসের কন্ডাকটরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, কেউ না মানলে আমরা কিভাবে মানাব। যদিও তিনি নিজেই মাস্ক মুখ থেকে নামিয়ে রেখেছেন।

সাঈদ নামের অপর এক যাত্রী শিকর বাসে করে মিরপুর ১২ থেকে ফার্মগেট আসেন। তিনি জানান আগের ভাড়াই নিয়েছে। তবে স্বাস্থ্যবিধি কেউ মানছে না।

এর আগে শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়া ফিরে যাবে। তবে অবশ্যই যাত্রী ও চালকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত