জয়নাল আবদিন নাইমন, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিক, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বই খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রাম।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা ও দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) একই সময়ে নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে এই শোক বই উন্মুক্ত থাকবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক বই খোলার সিদ্ধান্ত এবং সময়সূচির তথ্য জানানো হয়।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিক প্রণব মুখার্জি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বুধবার দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।


