বিশেষ প্রতিনিধি: দেশের অর্থনৈতিক সক্ষমতা ও চলকগুলোর ইতিবাচক ধারা দেখেও বিএনপির নেতারা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের আজ সোমবার দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন, সরকার নাকি অর্থনীতি ধ্বংস করছে? বিশ্বব্যাপী বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে স্বীকৃত। অর্থনৈতিক সক্ষমতা ও চলকগুলোর যে ইতিবাচক ধারা, তা দেখেও বিএনপি নেতারা মিথ্যাচার করছেন।’
ওবায়দুল কাদের বলেন, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব অর্থনীতির স্থবিরতার মধ্যেও অতি সম্প্রতি রেমিট্যান্স প্রবাহ, রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়েছে বাংলাদেশ। দেশের অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে এখন শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত। ‘শতকরা ৮ শতাংশের ওপরে প্রবৃদ্ধি বিএনপি কখনো নিজেদের আমলে ভাবতে পেরেছিল? পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন কি দুর্বল অর্থনীতির পরিচয় বহন করে’, প্রশ্ন রাখেন সেতুমন্ত্রী।
দেশে মাথাপিছু আয় বর্তমানে দুই হাজার ৬৪ ডলার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অর্থনীতি ও সামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য বিএনপি দেখতে পায় না। মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি, আমদানি নির্ভরতার বিপরীতে রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা, শিল্পের বিকাশসহ প্রতিটি সূচকে ইতিবাচক অর্জনে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ আজ শক্তিশালী অবস্থানে। পাকিস্তান থেকে আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে তারা তাদের পার্লামেন্টে বাংলাদেশের প্রশংসা করেছে। যারা এ দেশের মুক্তির পথে বাধা ছিল, তারাও যখন বাংলাদেশের অর্থনীতি ও সমৃদ্ধির অগ্রযাত্রায় প্রশংসায় পঞ্চমুখ, তখনো বিএনপি অর্থনৈতিক ভঙ্গুরতা দেখে। তখনো বিএনপি ইতিবাচক কিছু দেখে না। তাদের রাজনীতি এখনো নেতিবাচকতার আবর্তে ঘুরপাক খাচ্ছে।’
বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, এ দেশের রাজনীতিতে অশান্তির বিষবাষ্প আপনারাই ছড়িয়েছেন। সন্ত্রাস, ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির প্যাটেন্ট আপনাদেরই। শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নয়, আপনারাই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। সম্প্রীতির বাংলাদেশের মূলে আপনারাই বারবার কুঠারাঘাত করেছেন। সরকারের সমালোচনা করতে গিয়ে দেশকে ছোট করছেন। নেতিবাচক রাজনীতি ও মিথ্যাচার আপনাদের আগের চেয়েও জনবিচ্ছিন্ন করে তুলছে এবং এভাবে চলতে থাকলে আপনারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন।’
করোনার প্রাদুর্ভাবে দেশের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘করোনার সংক্রমণ দেশজুড়ে কমে এসেছে, এ কথা এখনো বলা যাচ্ছে না স্পষ্ট করে। এর মাঝে গতকাল গবেষকরা জানিয়েছেন, বাংলাদেশ এ ভাইরাস দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে রূপান্তরের হার প্রায় ৭ শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩ শতাংশ। এ ছাড়া অনেক দেশে করোনার সংক্রমণে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশে প্রায় ৯০ হাজার রোগী গত ২৪ ঘন্টায় চিহ্নিত হয়েছে। ব্রাজিলের অতিরিক্ত সংক্রমণের ধাক্কা প্রতিবেশী আর্জেন্টিনাতে গিয়েও ঠেকেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমি দেশবাসীকে সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ করছি। যেকোনো সময়ে সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে। সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি


