বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Single Top Banner

সরকারকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত

আসিফ তালুকদার, স্টাফ রিপোর্টার: হেফাজতে ইসলামের সাবেক আমির প্রয়াত আল্লামা আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার মুফতি আলাউদ্দিন জিহাদির মুক্তির জন্য সরকারকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত। অন্যথায় দেশ অচল করে দেয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন সংগঠনটির নেতারা।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। এতে আহলে সুন্নাত ওয়াল জামাআত ছাড়াও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে অংশ নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতারা বলেন, ঠুনকো কারণে মুফতি আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতার করা হয়েছে। এটি তার ফেসবুক হ্যাক করে করা হয়েছে। এ নিয়ে তিনি স্থানীয় থানাকেও জানিয়েছেন, কিন্তু তারপরও আলাউদ্দিন জিহাদির মত বরেণ্য আলেমে দ্বীনের হাতে হাতকড়া পরানো হয়েছে। এসব দুরভিসন্ধিমূলক। মূলত হেফাজতের নিজেদের অপকর্ম ঢাকা দিতেই আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতার করানো হয়েছে।

এ সময় সুন্নাত ওয়াল জামাআতের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মুফতি আলাউদ্দিন জিহাদিকে মুক্তি দেয়া না হলে দেশ অচল করে দেয়া হবে। সুন্নি জনতা সব সময় শান্তভাবে আন্দোলন সংগ্রাম করে আসলেও এবার আর ঘরে বসে থাকবে না।

বিকেল চারটা থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হলেও বেলা তিনটার পর থেকে প্রেসক্লাব চত্বরে ভিড় করতে থাকেন আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার ও ব্যানার বহন করতে দেখা যায়। সমাবেশ চলার এক পর্যায়ে কয়েকজন যুবক মুফতি আলাউদ্দিন জিহাদির মুক্তির দাবিতে কাফনের কাপড় পরে রাস্তাতেই শুয়ে পড়েন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রেসক্লাব থেকে জামালখান মোড় থেকে চেরাগী মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ভাইস চেয়ারম্যান আবু নাসের তালুকদার, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এসএম ফরিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র মহাসচিব এম সোলায়মান ফরিদ, সংগঠনটির চট্টগ্রাম মহানগর সাভাপতি মুজিবুল হক শুক্কুর প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত