বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনায় মোট আক্রান্তের ২০ শতাংশ উপসর্গহীন: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক: নভেল করোনাভাইরাস শনাক্তে পিসিআর টেস্টে কোভিড-১৯ পজিটিভ, এমন ব্যক্তিদের নিয়ে প্রায় ৮০টি গবেষণা প্রতিবেদন পর্যালোচনা করেছেন গবেষকেরা। আর তাতে তাঁরা দেখেছেন, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বেশির ভাগেরই সংক্রমণের লক্ষণ বা উপসর্গ থাকে।

কোভিড-১৯-সংক্রান্ত বিভিন্ন গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করে গবেষকেরা জানাচ্ছেন, মোট আক্রান্তের মাত্র ২০ শতাংশ উপসর্গহীন। বাকিদের ক্ষেত্রে রোগের লক্ষণ প্রকাশ পায়। পাঁচটি গবেষণা থেকে নভেল করোনাভাইরাসের বিস্তার সম্পর্কে বিশদ তথ্যও গবেষকেরা পেয়েছেন। সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

এত দিন দাবি করা হচ্ছিল, উপসর্গহীন আক্রান্তরাই বেশি বিপজ্জনক। কারণ, তাঁরা নিজেদের অজান্তে চারপাশে সংক্রমণ ছড়িয়ে দিচ্ছেন। এমন দাবি পুরোপুরি নস্যাৎ‌ করা যায় না। উপসর্গহীনরাও করোনার সংক্রমণ ছড়ায়, কিন্তু উপসর্গযুক্ত ও উপসর্গহীন আক্রান্তের মধ্যে তুলনা করে গবেষকেরা দেখেছেন, উপসর্গহীনরা সংক্রমণ কম ছড়ায়। কতটা কম, তার একটা শতকরা হিসাবও গবেষকেরা দিয়েছেন। দেখা গেছে, লক্ষণযুক্ত আক্রান্তদের চেয়ে উপসর্গহীনরা অন্যের শরীরে ৬৫ শতাংশ কম ভাইরাস ছড়ায়। প্লস মেডিসিন জার্নালে এই সমীক্ষার বিশদ প্রকাশিত হয়েছে।

এই গবেষণার সঙ্গে জড়িত বার্ন ইউনিভার্সিটির ড. নিকোলা লো সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, সার্স-কভ-২ সংক্রমণের ক্ষেত্রে মুষ্টিমেয় মানুষ উপসর্গহীন থাকে। লক্ষণযুক্ত আক্রান্তের তুলনায় উপসর্গহীনরা কম সংক্রামক হওয়ায় তাঁদের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ তুলনামূলক কম হয় বলেও গবেষকেরা দাবি করেছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত