বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় রাসেল ও সোহাগ নামে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি জানান: আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হই। এই ঘটনায় অন্য আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ নিয়ে এ ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে সোমবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে মামলার ৪নং আসামি সাজু ও বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।
গত রোববার রাতে মামলার ১নং আসামি বাদলকে ঢাকা থেকে ও স্থানীয় দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার এবং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে আটক করে র্যাব-১১।
আটক বাদল (২২) এখলাসপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম এখলাসপুর গ্রামের মোহর আলী মুন্সিবাড়ির রহমত উল্যার ছেলে, দেলোয়ার একই গ্রামের কামাল উদ্দিন বেপারিবাড়ির সাইদুল হকের ছেলে।


