বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই দেশের সার্বিক উন্নয়ন করা আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

চেতনা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই দেশের সার্বিক উন্নয়ন করা আমাদের লক্ষ্য। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন: আমাদের দেশে অনেক ধরনের প্রাকৃতিক ‍দুর্যোগ আসতে থাকবে। সেসব মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে। সেভাবেই আমাদের সব পরিকল্পনা করতে হবে। আমাদের ছোট্ট একটা ভূ-খন্ড, তাও আবার ব-দ্বীপ। প্লাবন ভূমি ৮০ পারসেন্ট। এই এলাকায় মানুষকে রক্ষা করা, জানমাল বাঁচানো ও সচেতনতা বৃদ্ধি করাই বড় কাজ।

প্রধানমন্ত্রী বলেন, বন্যার সাথেই আমাদের বাস করতে হবে। তবে সেটার ক্ষতির মাত্রা যেন কম হয় সেদিকে নজর রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন জলাশয় নদী-নালা খাল-বিল নষ্ট না হয়। জমির লোভে, বাড়ি করতে গিয়ে যেন খাল-বিল জলাশয় ভরাট করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা পারবো, বাংলাদেশের মানুষ পারে। এখন আমাদের নারী স্বেচ্ছাসেবকরাও যথেষ্ট কাজ করে যাচ্ছেন।

সবাইকে নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রাকৃতিক দুর্যোগ আছেই, মানুষসৃষ্ট দুর্যোগও আমাদের সামলাতে হয়। এসিড নিক্ষেপ, আগুন সন্ত্রাস আমরা দেখেছি। এখন করোনাভাইরাস দুর্যোগ দেখছি।

ধর্ষণের বিষয়ে তিনি বলেন, ধর্ষণ করলে তার শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে আমরা নতুন আইন পাস করেছি। পার্লামেন্ট নেই বলে আপাতত অধ্যাদেশ হচ্ছে। অর্থাৎ যেকোন সমস্যা দেখা দিলে সমস্যার সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। আমরা যে কোন সমস্যাই মোকাবেলা করছি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত