বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

দুর্দান্ত জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠে জ্বলে উঠলেন করিম বেনজেমা। জোড়া গোল করলেন ফরাসি তারকা। তাঁর সঙ্গে জালের দেখা পেয়েছেন এইডেন হ্যাজার্ড ও ফেদে ভালভেরদে। চার সতীর্থের দাপটে লা লিগায় নবাগত দল ওয়েস্কার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

আলফ্রেদো দি স্টেফানো স্টেডিয়ামে গতকাল শনিবার রাতে ওয়েস্কাকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের মাধ্যমে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে জিনেদিন জিদানের দল।

ম্যাচের শুরু থেকে দুর্দান্ত করা রিয়াল ৪০ মিনিটে হ্যাজার্ডের গোলে এগিয়ে যায়। ভালভেরদের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। চলতি মৌসুমে প্রথমবার লা লিগায় নেমেই জালের দেখা পেলেন বেলজিয়ান ফরোয়ার্ড।

পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। লুকাস ভাসকেসের চমৎকার ক্রস বুক দিয়ে জাল খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার। ৫৪ মিনিটে রিয়ালের গোল উৎসবে যোগ দেন ভালভেরদে। রিয়ালের হয়ে এই প্রথম একই ম্যাচে গোল ও অ্যাসিস্টের দেখা পেল উরুগুয়ের তরুণ ফুটবলার।

পাল্টা আক্রমণে ৭৪ মিনিটে ব্যবধান কমায় ওয়েস্কা। সতীর্থের ক্রস ধরে স্কোরলাইন ৩-১ করেন ফেরেইরো।

৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা। রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে খুব কাছ থেকে দলের চতুর্থ গোল করে স্বস্তির জয় উপহার দেন বেনজেমা।

চলতি লিগে সাত ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। ছয় ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় ১২ নম্বরে আছে বার্সেলোনা। ওসাসুনাকে ৩-১ গোলে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে রিয়াল সোসিয়েদাদ আর চারে আছে কাদিস।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত