বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ত্যাগী কর্মীদের রাজনীতির পথ মসৃণ করতে হবে: ওবায়দুল কাদের

চেতনা ডেস্ক: নিজস্ব বলয় শক্তিশালী করতে নিজের লোক দিয়ে কমিটি করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ত্যাগী কর্মীদের দূরে সরিয়ে না রেখে কাছে টেনে নিতে হবে, তাদের রাজনীতির পথ মসৃণ করতে হবে। কারণ, তারাই দুঃসময়ে দলের পাশে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ শনিবার সকালে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি সংযুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন।

একটি শক্তিশালী এবং গণমুখী সংগঠনের জন্য সাংগঠনিক ঐক্যের বিকল্প নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের মজবুত জনভিত্তি তৈরি করতে হলে থাকতে হবে ঐক্যবদ্ধ। সাম্প্রদায়িক অপশক্তি, মাদকসেবী ও চিহ্নিত অপরাধীদের বিষয়ে আগেভাগেই সতর্ক থাকতে হবে।

৭ নভেম্বরের বেনিফিশিয়ারি ছিলেন জেনারেল জিয়া উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিপ্লব ও সংহতির মোড়কে সেদিন ষড়যন্ত্র করে অনেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের মহান অর্জন ও চেতনাকে ভূলুণ্ঠিত করতে এবং দেশকে পেছনের দিকে নিয়ে যেতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বরের মধ্যে অনেক ঘটনাই ঘটেছিল, যার মধ্যে অনেক কিছুই এখনো ইতিহাসের আড়ালে রয়ে গেছে। ইতিহাসের এসব অজানা তথ্য তদন্তের মাধ্যমে বের করে আনা এখন সময়ের দাবি।’

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শেকড় এ দেশের মাটির অনেক গভীরে, দেশের জনগণই আওয়ামী লীগের অস্তিত্বের শেকড়।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপি এখন অস্তিত্বের সংকটে পড়েছে। বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে, আওয়ামী লীগ নয়।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে বর্ধিত সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় ও মমতাজ বেগম, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত