বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

ভাস্কর্য ও মূর্তি এক নয়: ধর্ম প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে আলোচনা করছে, তাদের বুঝতে হবে, ভাস্কর্য ও মূর্তি এক নয়। বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে কী করা যায়, সেটা ঠিক করে ব্যবস্থা নেয়া হবে।’

তবে কবে কাদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেয়া হবে বা বিরোধীদেরকে কীভাবে বোঝানো হবে, এ বিষয়ে কিছু জানাননি প্রতিমন্ত্রী।

রাজধানীর ধোলাইপাড়ের নির্মাণাধীন ভাস্কর্যটি বুড়িগঙ্গায় ফেলে দিতে ইসলামী আন্দোলন আর হেনে হিঁচড়ে ফেলে দিতে হেফাজতে ইসলামের হুমকির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

গত ২৪ নভেম্বর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পাঁচ দিন পর রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ফরিদুল।

বাংলাদেশের স্থপতির এই ভাস্কর্য নির্মাণ নিয়ে ধর্মভিত্তিক দুটি দল ও সংগঠনের বক্তব্যের প্রতিবাদে এ দিন সকাল থেকে দেশ জুড়ে কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ।

গত শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীতে এক মাহফিলে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের নাম নেব না। যারা ভাস্কর্য তৈরি করবে, টেনেহিঁচড়ে ফেলে দেওয়া হবে। আমার বাবার নামেও যদি কেউ ভাস্কর্য তৈরি করে, টেনেহিঁচড়ে ফেলে দেব।’

তিনি আরো বলেন, বর্তমান পুরো বিশ্বে আস্তিক আর নাস্তিকের লড়াই চলছে। আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কোনো লড়াই নেই, শুক্রবারের জুমার নামাজে তারাও পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করে। আওয়ামী লীগ ও বিএনপির পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন হয়, মুসলমান হিসেবে সবাই ভাই ভাই। কিন্তু আস্তিক আর নাস্তিক কখনো এক হতে পারে না। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন মদিনার সনদে দেশ চলবে। প্রধানমন্ত্রীর এ কথার সঙ্গে সহমত পোষণ করছি। আমরাও চাই মদিনার সনদে দেশ চলুক।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘যখন কোনো সমস্যা হয়, তখন সমাধানের উপায়ও থাকে। ভবিষ্যতে এমন যেন না ঘটে আমরা সচেষ্ট থাকব।’

নতুন দায়িত্ব নিয়েছেন বলে এই ইস্যুতে আর কোনো কথা না বলে সবার সহযোগিতা চাইলেন ফরিদুল হক খান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত