বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

আন্দোলনে ব্যর্থ বিএনপি চোরাগলি খুঁজছে: ওবায়দুল কাদের

চেতনা ডেস্ক: আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি আরো বলেন, ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি তাঁর রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, মীমাংসিত বিষয় নিয়ে আপস করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো বাধা দেবে না, তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

দলীয় নেতাকর্মীদের দলের শৃঙ্খলা মানার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘উন্নয়ন-অর্জনে কোনো লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। সাধারণ মানুষের সঙ্গে আচরণ খারাপ করে উন্নয়নকে ম্লান করে দেবেন না।’

স্থানীয় সরকার নির্বাচনে এরই মধ্যে যারা বিদ্রোহ করেছে, আবার নির্বাচিত বা পরাজিত হয়েছে তাদের আর দল থেকে মনোনয়ন দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরো বলেন, দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ-পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শিগগিরই বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত চারলেনের সড়ক উন্নীত করা হবে। কোনো অবস্থাতেই লক্ষ্মীপুর পিছিয়ে থাকবে না, লক্ষ্মীপুরের লক্ষ্মী ফিরিয়ে আনা হবে।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাবেক মন্ত্রী শাজাহান কামাল, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত