শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Single Top Banner

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সম্পাদক ইলিয়াস

বিশেষ প্রতিনিধি: জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ফরিদা ইয়াসমিন সভাপতি ও ইলিয়াস খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিল এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামী লীগপন্থি প্যানেল থেকে সভাপতি ও সহসভাপতিসহ ১১ জন জয় পেয়েছেন। বিএনপিপন্থি প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়জন জয়ী হয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগপন্থি প্যানেল থেকে জয় পেয়েছেন সভাপতি পদে ফরিদা ইয়াসমিন, সহসভাপতি পদে রেজোয়ানুল হক রাজা, দুটি যুগ্ম সম্পাদক পদে মাঈনুল আলম ও মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী, সদস্য পদে আইয়ুব ভূঁইয়া, জাহিদুজ্জামান ফারুক, ভানুরঞ্জন চক্রবর্তী, রহমান মুস্তাফিজ, রেজানুর রহমান ও শাহানাজ সিদ্দিকী সোমা।

বিএনপিপন্থি প্যানেল থেকে জয় পেয়েছেন সিনিয়র সহসভাপতি পদে হাসান হাফিজ, সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান, সদস্য পদে সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা ও শাহনাজ বেগম পলি।

এর আগে আজ সকাল ৯টা শুরু হয়ে থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এক হাজার ১৫১ জন ভোটারের মধ্যে এক হাজার জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে গতকাল বুধবার একই মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাবের ২৩তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এস এম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী ও মো. মনিরুজ্জামান।

নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ ও সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। এ দুটি প্যানেলের ৩৪ জন ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরো সাতজন প্রার্থী ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত