বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফের আসছে শৈত্যপ্রবাহ

বিশেষ প্রতিনিধি: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ১৩ জানুয়ারি থেকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আরিফ হোসেন আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন জানান, কয়েকদিন ধরে একটু গরম ছিল। তবে আজ শনিবার ঢাকায় বাতাস বেশি থাকার কারণে কিছুটা শীত শীত অনুভূত হচ্ছে। তবে সামনে যে শৈত্যপ্রবাহ আসবে, তা রাজধানী ঢাকায় কোনো প্রভাব ফেলবে না। যশোর, সাতক্ষীরা, রংপুর ও রাজশাহী বিভাগ, অর্থাৎ উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, আগামী তিন দিন শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত