চবি প্রতিনিধি :
কক্সবাজার হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ডুবে মারা যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী কে এম সাদমান রহমান সাবাব ও আসিফ আহমেদের গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক।
গায়েবানা জানাজা নামাজে দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপ-উপচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘ আবেগের বশবর্তী হয়ে আমরা কোন সিন্ধান্ত নিব না যাতে আমাদেরকে হারিয়ে দেশ, জাতি ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বাস্তবতার ভিত্তিতে আমরা সকল কার্যক্রম পরিচালনা করবো।
এর আগে গতকাল সোমবার (৮ জুলাই) কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উন্নয়ন অধ্যায়ন বিভাগের ৩ শিক্ষার্থী। তারা হলেন– কে. এম. সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ। এর মধ্যে গতকাল সকালেই কে. এম. সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও অরিত্র হাসান ও আসিফ আহমেদ নিখোঁজ ছিলেন। আজ সকালে আসিফের মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। আর এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।


