মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Single Top Banner

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল শাখা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নগরের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক হাসান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, সহ-সভাপতি কাজী আবু বকর চৌধুরী ও মোহাম্মদ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবু তাহের, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক জানাতুল ফেরদৌস রক্সি প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক পরিপত্রে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত বৈষম্যমূলক। অথচ ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে।

বক্তারা বলেন, বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়—এটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতির প্রেরণা। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের এই সুযোগ থেকে বঞ্চিত করা শিশুদের মনোবল ও শিক্ষার সমতার নীতির পরিপন্থী।

তারা আরও বলেন, ১৭ জুলাই জারিকৃত পরিপত্র বাতিল করে বৃত্তি পরীক্ষাসহ প্রাথমিক শিক্ষার সব কার্যক্রমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমঅধিকার নিশ্চিত করতে হবে।

ঘোষণা দিয়ে বলা হয়, আগামী ২০ আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও, ‘মার্চ ফর ঢাকা’সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত