বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন শিল্প কলকারখানায় এখনো ফ্যাসিবাদের দোসর শ্রমিক লীগের সন্ত্রাসীরা বহাল তবিয়তে রয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) চট্টগ্রাম মহানগরের মাসিক থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “গতকাল রাতে চট্টগ্রাম বন্দরে একদল দুষ্কৃতিকারী রাতের আঁধারে মিছিল করেছে। তারা শিল্প কলকারখানায় ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের মদদে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদেশের মেহনতি শ্রমিক জনতা কোনোভাবেই এসব ষড়যন্ত্র বরদাস্ত করবে না।”
সভায় আরও উপস্থিত ছিলেন নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহম্মদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধক্ষ্য মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, সহ-প্রচার সম্পাদক আবদুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।
এস এম লুৎফর রহমান বলেন, “৫ আগস্টের পরও ফ্যাসিবাদের দোসরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ না করে বরং স্বপদে রেখে পুরস্কৃত করা হয়েছে। তাদের অনেককে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে। এখন তারা সুযোগ বুঝে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলছে ও নতুন স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে।”
তিনি দাবি জানান, শিল্প কলকারখানা ও শ্রমিক সেক্টরকে অবিলম্বে ফ্যাসিবাদমুক্ত করতে হবে। তা না হলে শ্রমিক জনতা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, “এখনো অসংখ্য শ্রমিক জুলাইয়ের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে। অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন, অনেকে পঙ্গুত্ব বরণ করে কর্মহীন হয়ে পড়েছে। এসব পরিবারের জীবনে অন্ধকার নেমে এসেছে। যতদিন না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, ততদিন রাষ্ট্রকে তাদের দায়িত্ব নিতে হবে।”


