বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রেহানা-টিউলিপ-আজমিনা ও রাদওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)-এর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ হলেও বর্তমানে বাংলাদেশে এ মামলায় বিচারের মুখোমুখি। এর আগে গত ১১ আগস্ট একই অভিযোগে অপর তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

দুদকের করা মোট ছয় মামলায় শেখ হাসিনা, তার পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে গত ৩১ জুলাই অভিযোগ গঠন করে ঢাকার দুই বিশেষ জজ আদালত। এর মধ্যে তিন মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ১১ আগস্ট এবং বাকি তিন মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ আগস্ট তারিখ ধার্য করা হয়।

শেখ হাসিনা পরিবারের বাইরে অভিযুক্ত ১৬ জনের মধ্যে রয়েছেন—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনসহ রাজউক ও সংশ্লিষ্ট দপ্তরের একাধিক সাবেক কর্মকর্তা।

দুদকের পিপিদের দাবি, রাজউকের বিধান অনুযায়ী ঢাকায় যাদের কোনো জমি, বাড়ি বা গাড়ি নেই, কেবল তারাই প্লট বরাদ্দের জন্য আবেদন করতে পারেন। কিন্তু শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা মিথ্যা হলফনামা দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট নেন। তদন্তে প্রমাণ মিলেছে, তাদের সবারই ঢাকায় বাড়ি-জমি ও গাড়ি ছিল। এই কাজ ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

২০২৪ সালের ২৬ ডিসেম্বর দুদক এ বিষয়ে অনুসন্ধান শুরু করে এবং তদন্তে অনিয়মের প্রমাণ পেয়ে গত ১০ মার্চ অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয়। পরে মামলাগুলো বিচারের জন্য দুটি বিচারিক আদালতে বদলি করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত