প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন,আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপদেষ্টা বুধবার (১৩ আগস্ট) কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রধান শিক্ষকগণের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এই সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা বিশেষ অতিথির বক্তৃতা করেন।
উপদেষ্টা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে শুধু ডিগ্রি বা তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়; প্রয়োজন দূরদৃষ্টি, সৃজনশীলতা এবং মানুষের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষমতা। লিডারশীপ ট্রেনিং সেন্টার সেই দক্ষতাগুলো গড়ে তোলে, যা একজনকে শুধু লিডার নয়, বরং অনুপ্রেরণাদায়ী পথপ্রদর্শক হিসাবেও গড়ে তোলে।আমরা যদি আমাদের সমাজে সৎ, দক্ষ ও মানবিক নেতার সংখ্যা বাড়াতে চাই, তবে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো বিস্তৃত করা, আধুনিক প্রযুক্তি সংযোজন করা এবং তরুণদের এই সুযোগের সাথে যুক্ত করা অত্যন্ত জরুরি।
উপদেষ্টা আরো বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় জ্ঞান বিতরণের পাশাপাশি, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সুস্থ মনোভাব গঠন সমান গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী কেবল বইয়ের জ্ঞান নিয়েই সফল হতে পারে না। তাকে সামাজিক, মানসিক দিক থেকে পরিপূর্ণ হতে হয়। বৈচিত্র্যময় শেখার পদ্ধতি প্রয়োগের মাধ্যমে, প্রত্যেক শিক্ষার্থী তার নিজস্ব গতিতে শিখতে পারে। মনে রাখতে হবে, একজন মানসিকভাবে সুস্থ শিক্ষার্থী শেখায় বেশি মনোযোগী হয়, আত্মবিশ্বাসী হয় এবং জীবনে সফল হতে পারে। তাই, শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবেশ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানসিক সহায়তা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা আমাদের সবার অগ্রাধিকার হওয়া উচিত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুদ্দীন শাহীন বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক– শিক্ষিকাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


