বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের গুজব ভিত্তিহীন: প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে— সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, এ ধরনের খবর নজরে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) প্রশাসনের পক্ষ থেকে চন্দ্রনাথ মন্দির এলাকা পরিদর্শন করা হলেও মসজিদ নির্মাণের কোনো প্রমাণ মেলেনি।

তিনি বলেন, “চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে কেউ গুজব ছড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

চন্দ্রনাথ মন্দির এলাকা উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। সেখানে নিয়মিত দেশি-বিদেশি ভক্ত ও পর্যটকরা আসেন। দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে আসছে বলে জানান ইউএনও।

এদিকে ছড়িয়ে পড়া ছবির বিষয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, ঢাকার কয়েকজন তরুণ আলেম সৌজন্য সাক্ষাতে তার সঙ্গে দেখা করেছিলেন। তারা চন্দ্রনাথ এলাকায় মসজিদ নির্মাণের কথা বলেননি। তবে পর্যটকদের সুবিধার্থে ইকোপার্ক এলাকায় একটি ইবাদাতখানা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছিলেন।

তিনি আরও বলেন, “বাস্তবতার বিপরীতে একটি মহল প্রোপাগান্ডা চালিয়ে হিন্দু সমাজকে উসকানি দেওয়ার চেষ্টা করছে। ভুল তথ্য প্রচার করে ধর্মীয় উত্তেজনা না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানাই।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত