দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে কেন্দ্র করে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তদন্তের জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে। সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন রোববার বিকেলে এ তথ্য জানিয়েছেন।
সূত্রের বরাতে জানা যায়, জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে ১২৩ সদস্যকে বইটি লিখে দেওয়ার বিনিময়ে নগদ ১ কোটি টাকা এবং রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুরে একটি করে ফ্ল্যাট প্রদান করা হয়েছিল। এই কর্মকাণ্ডের তত্ত্বাবধান করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মাধ্যমে।
এর আগে, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব দুদককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে উল্লেখ ছিল, অভিযোগের যথাযথ ব্যবস্থা না নিলে রিট দায়ের করা হবে।
সূত্র জানায়, ২০১২ সালে প্রকাশিত বইটির ভূমিকায় বলা হয়, এটি শেখ হাসিনার সম্পাদনা ও সংশোধনের পর প্রকাশিত হয়েছে। তবে পুলিশের বিশেষ শাখার নথি অনুসারে, বইটি আসলে জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি দল লিখেছেন। জবানবন্দিতে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ২০১৮ সালের রাতের ভোট জাবেদ পাটোয়ারীর পরামর্শে অনুষ্ঠিত হয়েছিল।


