ঋণখেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ।
তিনি জানান, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে ঋণ নেওয়া ১৫০ কোটি টাকা পরিশোধ না করায় তা বেড়ে সুদে আসলে ২৬০ কোটি ৭৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
ব্যাংকের আবেদনে বলা হয়, ঋণের বিপরীতে যে বন্ধকী সম্পত্তি রয়েছে, তা নিলামে বিক্রির চেষ্টা করেও ব্যাংক ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ব্যাংক গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে।
গেল বছর ২০ অগাস্ট প্রায় ৮ বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে ৭৬টি মামলা হয়। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল। পরদিন ফৌজদারি কার্যবিধির (সন্দেহজনক) ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর একই বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল।


