বছর ঘুরে আবার আসছে পবিত্র মাহে রমজান। এ মাসে বিশ্বের শতকোটি ধর্মপ্রাণ মুসলিম রোজা পালন করেন। রমজানকে ইবাদত, আল্লাহর নৈকট্য অর্জন, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং মানুষের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য ছড়ানোর মাস হিসেবে গণ্য করা হয়।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি। এর আগের দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় আরব বিশ্বের বেশিরভাগ দেশে রমজানের চাঁদ দেখা যেতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। প্রতি বছর আরবি মাস শাবানের ২৯তম দিনে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়।
প্রত্যেক দেশের চাঁদ দেখা কমিটি বা ধর্মবিষয়ক সংস্থা রমজান মাস শুরুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে থাকে। ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্রের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। ফলে প্রতিটি মাস নতুন অর্ধচন্দ্র দেখার মাধ্যমে শুরু ও শেষ হয়। যেহেতু চন্দ্র মাস সৌর মাসের চেয়ে ১০ থেকে ১১ দিন ছোট, তাই ইংরেজি বর্ষপঞ্জিকায় প্রতিবছর রমজান ১০ থেকে ১১ দিন আগে চলে আসে। এ কারণে মুসল্লিরা কখনো শীত, কখনো গ্রীষ্ম বা বর্ষায়—বিভিন্ন ঋতুতে রমজানের ছোঁয়া পাওয়ার সুযোগ পান।


