চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার ব্রিজের পাশে ভোররাতে ভয়াবহ এক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। স্থানীয় কিশোর মো. রিহান উদ্দিন মাহিন (১৫)কে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় একই এলাকার আরও দুই কিশোর মানিক ও রাহাত গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) ভোরে এই ঘটনা ঘটে। নিহত মাহিন সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। হত্যার পরপরই পুলিশ সন্দেহভাজন হিসেবে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ভোরে সাগর তালুকদার বাড়ির একটি সড়কে ৫-৬ জন ছেলে দাঁড়িয়ে ছিল। হঠাৎ স্থানীয় আরেকটি গ্রুপ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এর মধ্যে তিনজন আশ্রয়ের জন্য একটি নির্মাণাধীন ঘরের ছাদে উঠে পড়ে। পরে ধাওয়াকারীরা তাদের নামিয়ে এনে চেইঙ্গার ব্রিজের উপর পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায় এবং বাকি দুইজন গুরুতর আহত হয়।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।


