চীনের সরকারি আমন্ত্রণে আগামী ২৬ আগস্ট চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
এর আগে, বুধবার (২০ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে এনসিপি প্রতিনিধি দলের জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘এ সফর দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও গভীর করবে।’ তিনি আশা প্রকাশ করেন, সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন—দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা এবং যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।
এনসিপি নেতারা জানিয়েছেন, আসন্ন এই সফর বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অভিজ্ঞতা অর্জন ও দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হবে।


