বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাঁশখালীতে শিবিরের কর্মসূচিতে ছাত্র দলের অতর্কিত হামলার পর দফায় দফায় সংঘর্ষ 

বাঁশখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজারে এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসা মসজিদে কোরআন ক্লাসের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। এ কর্মসূচিতে স্থানীয় ছাত্রদল কর্মীরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিএনপি ও ছাত্রদল কর্মী নয়ন ও তানভীরের নেতৃত্বে ১০-১২ জন শিবির কর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়।

ঘটনাটি মীমাংসার জন্য সন্ধ্যায় বিএনপি ও জামায়াত কর্মীরা মোশাররফ আলী মিয়ার বাজারে জড়ো হলে আবারও দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে চার সদস্যের একটি পুলিশ টিম ঘটনাস্থলে গেলে তাদের ওপরও চড়াও হয় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী। বাধ্য হয়ে পুলিশ সদস্যরা পাশের উপকূলীয় জেনারেল হাসপাতালে আশ্রয় নেন।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ছাত্রশিবিরের একটি কর্মসূচিকে ঘিরে ঘটনার সূত্রপাত হয়। এর জেরে জামায়াত ও বিএনপির উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অবস্থা স্বাভাবিক।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত