সাধারণ পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন টিম গ্রুপের ৯ নারী শ্রমিক। তারা বর্তমানে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এআইউডব্লিউ)-এ ক্লাস করছেন।
স্পেনভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ইনডিটেক্সের বৃত্তির আওতায় এ সুযোগ তৈরি হয়েছে। পাঁচ বছরের এই উচ্চশিক্ষা কার্যক্রমে টিউশন ফি, থাকা-খাওয়ার খরচসহ পরিবারকে সহায়তার জন্য মাসিক উপবৃত্তির ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়া শ্রমিকরা হলেন—নিশাত আঞ্জুম নিঝুম (জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর), সুমাইয়া আক্তার (জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর), সুমাইয়া মিসু (জুনিয়র অপারেটর), মৌসুমে আক্তার (জুনিয়র অপারেটর), নিপা মনি আক্তার (জুনিয়র সুই ইস্যু গার্ল) এবং মুমতারিন ফেরদৌস, যিনি টিম গ্রুপের প্রতিষ্ঠান ফোরএ ইয়ার্ন ডাইং লিমিটেডে পিয়ন হিসেবে কাজ করতেন। এছাড়া তৃষা মনি (জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর), তানিয়া আক্তার (জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর) এবং সুমাইয়া খাতুন (অপারেটর, গ্রামটেক নিট ডাইং ফিনিশিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড)ও এ সুযোগ পেয়েছেন।
টিম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব জানান, শ্রমিক থেকে শিক্ষার্থী হওয়া এই ৯ নারী স্নাতক ডিগ্রি শেষে টিম গ্রুপেই ফিরবেন। তবে তারা আর আগের পদে নয়, বরং অফিসার, ম্যানেজার ও নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। এটি পোশাক শিল্পে নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।


