মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে বাস থেকে ৮ কোটি ৩৫ লাখ টাকার হেরোইন ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ কোটি টাকার ৮ কেজি হেরোইন ও ৩৫ লাখ টাকার ১৪ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসও জব্দ করা হয়।

সোমবার (৬ এপ্রিল) রাত ২টা ৫৫ মিনিটে কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতাররা হলেন— মো. আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) ও মুহাম্মদ রাশেল (৪৯)।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে নগরের দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পশ্চিম) বিভাগের একটি বিশেষ টিম জানতে পারে যে, কক্সবাজার থেকে একটি হানিফ পরিবহনের বাসে করে বিপুল পরিমাণ মাদক চট্টগ্রামের দিকে আনা হচ্ছে। পরে পটিয়া ক্রসিং এলাকায় সন্দেহভাজন বাসটিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি সদস্যরা ধাওয়া করে বাসটি আটক করে এবং চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করে।

পরবর্তীতে যাত্রীদের উপস্থিতিতে বাস তল্লাশি করে পেছনের অংশে বডির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮টি প্যাকেট থেকে ৮ কেজি হেরোইন এবং ৭০টি প্যাকেট থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, কক্সবাজারে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির কাছ থেকে এসব মাদক সংগ্রহ করে বাসের বডির ভেতরে লুকিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা।

পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামি আলী হোসাইনের বিরুদ্ধে ঢাকার হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত