মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে ফরাসি দূতাবাস ও জিপিএস প্রকল্পের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক :

ফরাসি দূতাবাস এবং “গ্লোবাল পোর্ট সেফটি (GPS)” প্রকল্পের একটি প্রতিনিধি দল বুধবার (৬ মে ২০২৬) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিদর্শন করেছে।

পরিদর্শনকালে প্রতিনিধিদলকে স্বাগত জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। এ সময় তিনি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন এবং বন্দরের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।

তিনি জানান, চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, বিপজ্জনক পণ্য যথাযথভাবে পরিচালনা ও সংরক্ষণ, কনটেইনার হ্যান্ডলিং উন্নয়ন, আইএসপিএস কোডে জিরো অবজারভেশন অর্জন এবং জিরো ওয়েটিং টাইম নিশ্চিতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এ সময় প্রতিনিধিদল “গ্লোবাল পোর্ট সেফটি (GPS)” প্রকল্পের বৈশ্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে। তারা জানায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য হলো বন্দরকে আরও নিরাপদ, ঝুঁকিমুক্ত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলা।

প্রকল্পের আওতায় অগ্নিকাণ্ড, বিস্ফোরণ বা রাসায়নিক দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলা, বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক নিরাপত্তা প্রশিক্ষণ প্রদান এবং আন্তর্জাতিক মান অনুযায়ী বন্দর ব্যবস্থাপনা উন্নয়ন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশ ও সংস্থার মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা, সুরক্ষা ও অগ্নিনির্বাপন সংক্রান্ত আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধিদল বন্দরের অপারেশনাল এলাকা সরেজমিনে ঘুরে দেখে এবং বন্দর ব্যবস্থাপনার প্রশংসা করে। তারা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও জিপিএস প্রকল্পের মধ্যে পারস্পরিক জ্ঞান বিনিময় এবং যৌথ উদ্যোগে একটি টেকসই ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ভিনসেন্ট পেয়ারো, আঞ্চলিক সিভিল প্রোটেকশন অ্যাটাশে (ফ্রান্স দূতাবাস, সিঙ্গাপুর—বাংলাদেশের জন্য দায়িত্বপ্রাপ্ত), মিস ভিক্টোরিয়া ডুসার্দিয়ের, প্রজেক্ট অফিসার (এক্সপার্টিজ), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন), পরিচালক (নিরাপত্তা), চিফ পারসোনেল অফিসার, সহকারী হারবার মাস্টারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত