চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালদা নদী-এর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় রাউজান উপজেলায় ৪০টি মৎস্যজীবী পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ মে) সকালে রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়। এতে সুফলভোগী প্রতিটি পরিবারকে ২টি করে ছাগল, একটি ছাগলের খোয়াড়, ২০ কেজি দানাদার খাদ্য এবং প্রয়োজনীয় পশু চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম। তিনি বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে মৎস্য আহরণ নির্ভরতা কমাতে বিকল্প আয়ের উৎস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এ উদ্যোগ জেলে পরিবারের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সহায়ক হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম। বক্তারা বলেন, এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে জেলে পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্র সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
উপস্থিত সুফলভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি হলে নদীতে মাছ ধরার ওপর নির্ভরতা কমবে এবং পরিবারগুলোর জীবনমান উন্নত হবে।
উল্লেখ্য, হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজননক্ষেত্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এ নদীর পরিবেশ রক্ষায় সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে


