বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Single Top Banner

ওমানে বিয়ের কেনাকাটা করতে গিয়ে চার ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

বিয়ের কেনাকাটা করতে গিয়ে ওমানের আল মিলিদ্দা আল মোছানা‎ স্টেট অফ আল বাতিনাহ এলাকায় গাড়ির এসি’র গ্যাস বিস্ফোরণে রাঙ্গুনিয়ার চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু থাকা অবস্থায় এ ঘটনা ঘটে বলে স্বজনরা নিশ্চিত করেছেন।

নিহত ৪ ভাই হলেন- মো. রাশেদ, মো. শাহেদ,  মো. সিরাজ ও মো. শহিদ। তারা উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বন্দারাজার পাড়া এলাকার মরহুম আবদুল মজিদের ছেলে। ঘরে তাদের বৃদ্ধা মা ও বড় দুই ভাইয়ের স্ত্রী-সন্তান রয়েছেন।

স্থানীয় বাসিন্দা আবদুল মতিন জানান, ছোট দুই ভাই শহীদ ও সিরাজ ১৫ মে রাতের ফ্লাইটে দেশে ফিরতো। দেশে ফেরার পর তাদের বিয়ের প্রস্তুতি ছিল। এ কারণে বড় দুই ভাইকে নিয়ে মার্কেটে বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল। পার্কিংয়ে গাড়ি চালু অবস্থায় এসির গ্যাস বিস্ফোরণ হয়ে চার ভাইয়ের মৃত্যু হয়।

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আমির হোসেন সুমন জানান, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের একদিন পর দেশে ফেরার কথা ছিল। এখন চার ভাই মারা গেছেন। তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানান তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্য এক ভাইও সম্প্রতি বিয়ে করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। ছোট দুই ভাই এক সাথে দেশে ফেরার আনন্দ নিয়ে শপিং করতে বের হন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত