চট্টগ্রামের নবনিযুক্ত জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ সাক্ষাতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামসহ জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান এবং উপহার হিসেবে ইসলামী সাহিত্য তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, গিয়াস আজাদ চৌধুরী, জিএম সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, শান্তি-সম্প্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামীর ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র পুনর্গঠনে দলটির গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
এ সময় নেতৃবৃন্দ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে লোহাগাড়া, সাতকানিয়া ও পটিয়ার সাম্প্রতিক হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে কিশোর গ্যাং ও অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বলেন, অতীতে দায়িত্ব পালনকালে তিনি জামায়াত নেতৃবৃন্দের সহযোগিতা পেয়েছেন। চট্টগ্রামে দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবার সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, “সবার সহযোগিতায় চট্টগ্রামকে আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করবো।”
উল্লেখ্য, মো. মাসুদ আলম গত ৭ মে চট্টগ্রামের জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।


