চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী জামায়াত নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মহিউদ্দিন (৪২)। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
পুলিশ জানিয়েছে, জামায়াত নেতা মহিউদ্দিন মাদামবিবিরহাট থেকে মোটরসাইকেল যোগে সীতাকুণ্ড অভিমুখে যাচ্ছিলেন। এ সময় তিনি একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় আরেকটি মাইক্রোবাস পেছন থেকে এসে সামনে যাওয়ার চেষ্টা করলে দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পাশাপাশি তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ প্রসঙ্গে বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিরুল ইসলাম বলেন, দুইটি গাড়ির চাপা পড়ে মো. মহিউদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


