চট্টগ্রামের সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে নগরী ও জেলার রাউজান উপজেলায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে পৃথক এসব ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঝিকুটি পাড়া রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা যান দুই নির্মাণশ্রমিক।
নিহতরা হলেন- রাউজান নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন এলাকার প্রদীপ দাশ ও বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার সমীরণ দাশ।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ সেপটিক ট্যাংকে নামার পর ট্যাংকে জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নামা সমীরণও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, উপজেলার নোয়াপাড়া এলাকায় সেফটিক ট্যাংকের কাজ করতে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা পেশায় নির্মাণ শ্রমিক।
অপরদিকে, নগরের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এলাকায় সেফটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক মারা গেছেন। এরা হলেন- সাকিব (২৫) ও হৃদয় (২৪)। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ধনিয়ালাপাড়া এলাকার নুরুল হুদা নামের এক ব্যক্তির ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ওই দুই যুবক ভেতরে নামেন। ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


