বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Single Top Banner

হাটহাজারীতে প্রাইভেটকার লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আবাসন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের ইছাপুর এলাকায় এক ব্যবসায়ীর প্রাইভেটকার লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলাকারীদের ছোড়া তিনটি গুলি গাড়ির পেছনের অংশে আঘাত করলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান ব্যবসায়ী শহীদুল্লাহ রনি।

তিনি সিদরাত সাইফ ডেভলাপার নামে একটি আবাসন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এছাড়া তার ইটভাটাসহ আরও কয়েকটি ব্যবসা রয়েছে। তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী শহীদুল্লাহ রনি বাংলা ট্রিবিউনকে জানান, নগরের আমান বাজার এলাকার বাসা থেকে নিজেই প্রাইভেটকার চালিয়ে গ্রামের বাড়ি রাউজান পৌরসভা এলাকায় যাচ্ছিলেন। চালক সঙ্গে না থাকায় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। হাটহাজারীর ইছাপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত তার গাড়ি গতিরোধ করে প্রথমে ইট নিক্ষেপ করে। এরপর গাড়ি লক্ষ্য করে পর পর তিনটি গুলি ছোড়ে।

তিনি বলেন, ইট নিক্ষেপের পরপরই পরিস্থিতি বুঝতে পেরে গাড়ির লাইট বন্ধ করে দেন। এরপর হামলাকারীরা ধারণা করে তিনি গাড়ির পেছনের আসনে বসে আছেন। সেই ধারণা থেকে তারা পরপর তিনটি গুলি গাড়ির পেছনের অংশ লক্ষ্য করে ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ কারণে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। গুলি তিনটি গাড়ির এক পাশ দিয়ে ডুকে অপর পাশে বের হয়ে গেছে।

ব্যবসায়ী শহীদুল্লাহ রনি

শহীদুল্লাহ রনি আরও বলেন, হামলাকারীদের তিনি চিনতে পারেননি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ প্রসঙ্গে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত