নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম রেসি বিশ্বাস (২৬)। তিনি কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার বাসিন্দা। শুক্রবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
একই সময়ে নতুন করে ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ৩৪ ও সরকারি হাসপাতালে ৫৭ জন চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় তারা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘ডেঙ্গুতে চট্টগ্রামে চলতি বছর নতুন করে একজনসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট এক হাজার ৯১৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।


