সিপি ডেস্ক :
শ্বশুর,শাশুড়ি দেওরকে নিয়ে দিব্যি সংসার করছেন বলি-সুন্দরী ক্যাটরিনা। আর ভিকির মা-বাবাও বৌমাকে ভরিয়ে দিচ্ছেন আদর আর ভালবাসায়।
আদর করে বৌমার বিশেষ নামও রেখেছেন ক্যাটরিনার ‘নতুন’ মা-বাবা। শ্বশুরবাড়িতে ক্যাট হয়ে গিয়েছেন আদরের কিট্টু। পঞ্জাবি পরিবারে একটু অন্য ধরনের নামই শোনা যায়। সেই প্রভাবই এক কথায় বলা যেতে পারে।
ক্যাটরিনার আগামী ছবি ‘ফোন ভূত’। ছবির প্রচারের ফাঁকেই নতুন বাড়ির গল্পে মজলেন নায়িকা। কপিল শর্মার শো-তে এসে নতুন সংসারের টুকিটাকির ঝলক দিলেন তিনি। বললেন, “মাম্মিতো প্রথমের দিকে আমায় রোজ ব্রেকফাস্টে পরটা খাওয়ার জন্য জোর করতেন। আমি যেহেতু ডায়েটে থাকি তাই অল্প খেয়ে রেখে দিতাম। এখন মাম্মি অভ্যস্ত হয়ে গিয়েছেন। আমার জন্য মিষ্টি আলু দিয়ে খাবার তৈরি করে দেন।”
প্রায় এক বছর হতে চলল সংসার পেতেছেন ক্যাটরিনা। ৯ ডিসেম্বর ২০২১ সালে সাত পাকে বাধা পড়েন ভিক্যাট। এই কয়েক মাসে জীবনে এসেছে অনেক পরিবর্তন। তেমনই আরও এক গল্প শোনালেন নায়িকা। বললেন, “শ্বশুরবাড়িতে আমায় সবাই ভালবেসে কিট্টু বলে ডাকে।” হিট, ফ্লপের মাঝে নায়িকা নিজের জীবন যে বেশ গুছিয়ে নিয়েছেন এই গল্পগুলো যেন তারই প্রমাণ।


