নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে অক্টোবর মাসের ২৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৭শ’ ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক হাজার ২৯৪ জন মহানগরে ও ৪৮৩জন জেলার বাসিন্দা।
রবিবার (৩০ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
তিনি সিটিজি পোস্টকে জানান, ‘ডেঙ্গুতে চট্টগ্রামে চলতি বছর ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৩ জন, মহিলা ৭ জন ও শিশু ৪ জন। একই সময়ে দুই হাজার ৫৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ৩১০ জন, নারী ৬৭৮ জন ও শিশু ৬০৩ জন।’
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও অক্টোবরে এক হাজার ৭শ’ ৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মহানগরের এক হাজার ৮৯৭ জন রয়েছেন।
উপজেলা পর্যায়ে ৬৯৪ জন আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ৩৪, সাতকানিয়ায় ৬২, বাঁশখালীতে ২৯, আনোয়ারায় ২৩, চন্দনাইশে ১৮, পটিয়ায় ৭০, বোয়ালখালীতে ২৯, রাঙ্গুনিয়ায় ২৩, রাউজানে ১৬, ফটিকছড়িতে ১৬, হাটহাজারীতে ৫৫, সীতাকু-ে ১৮৩, মীরসরাইয়ে ২২ জন, সন্দ্বীপে আট ও কর্ণফুলীতে ১০৬ জন।


