আনোয়ারা সংবাদদাতা :
নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হলো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিতা আখতারুজ্জামান চৌধূরী বাবুর দশম মৃত্যুবার্ষিকী।
মৃত্যুবার্ষিকীকে ঘিরে বড় বড় ব্যানার, ফেস্টুনে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ছেয়ে গেছে আনোয়ারা। শুক্রবার (৪ নভেম্বর) সকাল থেকে প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধূরী বাবুর প্রতি ভালোবাসা জানাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের বাড়িতে ঢল নামে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মীর। সকালে মরহুমের গ্রামের বাড়িতে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল, মরহুমের কবরে ফাতেহা পাঠ এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিন সকালে মরহুমের কবরে পুষ্পস্তক অর্পন করেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে কবরে ফাতেহা পাঠ এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান গালিব সাদলী, জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক প্রমুখ।
আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে এ প্রয়াত নেতার প্রতি শদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৪ নভেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বর্ষীয়ান এই রাজনীতিক নেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন।


