রাঙ্গুনিয়া প্রতিনিধি :
“আম্মু আমি মেজবানে যাবো,” মাকে বলছিলেন ছোট্ট শিশু মোহাম্মদ সিয়াম (৮)। ছেলের এমন আবদার শুনে মা অনুমতি দেন এলাকার এক প্রয়াত প্রতিবেশীর মেজবানে যাওয়ার। ছেলেকে মেজবানে পাঠিয়ে মা অধীর অপেক্ষায় বসে থাকেন ছেলে বাড়িতে ফিরবে বলে। ছেলে মেজবানের দাওয়াত খেয়েছে এবং বাড়িতে ফিরেছে। তবে ট্রাকের চাকায় পিষ্ট লাশ হয়ে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রোশাইপাড়া এলাকায় প্রতিবেশীর মেজবানের দাওয়াত খেয়ে ফেরার পথে বৃহস্পতিবার (২ মার্চ) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সিয়াম একই এলাকার মোহাম্মদ নুরুল আফছারের সন্তান। সে ওই এলাকার রোশাই পাড়া পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহীম হোসাইন জানান, ফসলি জমিতে চলাচলকারী কাঠ বোঝাই ট্রাকের পেছনে সহপাঠীদের সাথে খেলছিলো শিশু সিয়াম। তখন সে মেজবান খেয়ে খেলতে খেলতে বাড়িতে ফিরছিলো। হঠাৎ ট্রাকটি পেছনে চালাতে গেলেই সে চাকার নিচে চাপা পড়ে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সে ঘটনাস্থলেই মারা গেছে বলে জানান চিকিৎসক।
মর্মান্তিক দুর্ঘটনায় সিয়ামের মৃত্যুতে এলাকায় শোখের ছায়া নেমে আসে। এদিন দিবাগত রাত সাড়ে ১২ টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।


