রাঙ্গুনিয়া প্রতিনিধি :
“বাড়িতে যখন আগুন লাগে তখন আমি বাজারে ছিলাম, একজন ফোন করে বললেন বাড়িতে আগুন লেগেছে। সাথে সাথেই এসেছি, তখন আগুনে দাউদাউ করে জ্বলছে আমাদের তিন ভাইয়ের ঘর। ঘরের ভেতর সিন্দুকে তালাবদ্ধভাবে ৫ লক্ষ টাকা ছিলো। কিছুদিন আগে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম। সব টাকা পুড়ে ছাই হয়ে গেছে। গত রাতে স্ত্রী বলেছিল টাকাগুলো ব্যাংকে জমা রেখে আসতে। রাখার আগেই আগুনে সবটাকা পুড়ে গেলো।”
শুক্রবার (৩ মার্চ) রাতে মাটিতে গড়াগড়ি করতে করতে প্রতিবেদককে কথাগুলো বলছিলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোমরা বুড়ির দোকান বাক্ষ্মনপাড়া এলাকার বাসিন্দা নারায়ণ দেব।
এদিন সন্ধ্যা ৭ টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বুড়ির দোকান বাক্ষ্মনপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে আপন তিন ভাই নারায়ন দেব, শান্তি দেব ও লক্ষণ দেব’র তিনটি সেমিপাকা বসতঘর ও ৩টি গবাদিপশুসহ পুড়ে অঙ্গার হয়। এবং বসতঘরে থাকা নারায়ণ দেব’র নগদ ৫ লক্ষ টাকাও পুড়ে গেছে বলে দাবী ক্ষতিগ্রস্ত নারায়ণ দেবের।
স্থানীয় সূর্য দে নামের এক প্রতিবেশী জানান, আগুন লাগার পরপর মূহুর্তের মধ্যেই আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের কিছুই বের করতে সক্ষম হয়নি। বাড়ির জরুরী কাগজপত্র, আসবাবপত্র ও নগদ টাকাও পুড়ে ছাই হয়ে যায়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ইউনিট সেখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যাওয়ার প্রবেশপথ ছোট হওয়ায় গাড়ি ঢুকাতে পারিনি। এ কারণে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে আমাদের কষ্ট হয়। আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের তিনটি সেমিপাকা বসতঘর ও ৩ টি গবাদিপশু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত নারায়ণ দেব’র দাবি ছিলো সিন্দুকে থাকা তার নগদ ৫ লক্ষ টাকা পুড়ে গেছে।


